আওয়াামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদ নির্বাচনের আগে নিষেধাজ্ঞার ভয় দেখানো হয়েছিলো, তবে ভোটকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দেয়ায় নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। নির্বাচনী বিভেদ ভুলে সবাইকে দেশ ও দলের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় শেখ হাসিনা এসব কথা বলেন। যত বাধাই আসুক না কেন তা মোকাবেলা করে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবার বিজয়ী হওয়ার পর দলীয় ঐক্য ও শক্তি আরো দৃঢ় করার লক্ষ্যে আওয়ামী লীগের এই বিশেষ বর্ধিত সভা। শনিবার গণভবনে আয়োজিত এই বর্ধিত সভায় যোগ দেন আমন্ত্রিত আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা পরিষদ এবং জেলা, মহানগর ও উপজেলার নেতারা। সভায় প্রধান অতিথি হয়ে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভার শুরুতে দেশে-বিদেশে মৃত্যুবরণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আওয়ামী লীগের নেতা কর্মীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। তৃণমূল নেতাদের বক্তব্য শোনার পর নানা দিকনির্দেশনা দেন দলীয় সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করায় বিগত নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। যদিও এই নির্বাচন যাতে না হয়, সেই ষড়যন্ত্র হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিশেষ কারণে তাদের নির্বাচনে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়েছিল। তাদের অংশগ্রহণ দেশ-বিদেশে নির্বাচনকে গ্রহণযোগ্য করেছে। এ নিয়ে বিরোধ ভুলে যেতে নেতাদের নির্দেশ দেন দলীয় প্রধান।
দেশের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র আছে উল্লেখ করে তা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা।
সংগঠনকে শক্তিশালী করে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য নেতাকর্মীদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলেন আওয়ামী লীগ প্রধান। মজুদদার এবং চাঁদাবাজ রোধেও তৃণমূলের নেতাদের সজাগ থাকতে বলেন।